আলজেরিয়ার বুমের্দেস প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাউদেনে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
জানা গেছে, সেতিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্সের উদ্দেশে রওনা হওয়া বাসটি গন্তব্য থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এল কারমা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন:
দুর্ঘটনার পর আহতদের দেখতে বুমের্দেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব। এদিকে এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন।
প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে তেব্বুন বলেন, সড়কে অবহেলা ও বেপরোয়া আচরণের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ ধরনের ঘটনাকে ‘সড়কের সন্ত্রাস’ বলে অভিহিত করেন।
আরও পড়ুন:
তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।