পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোট গণনার ঠিক আগের দিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। নির্বাচনী পর্যবেক্ষকের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক টোটোচালকের। রবিবার দুপুরে বাউল এলাকায় এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল গাড়িটি, আর সেই কারণেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় জড়িত গাড়িটি কুশমণ্ডির নির্বাচনী পর্যবেক্ষকের ব্যবহৃত গাড়ি।
দুপুরে সেটি বালুরঘাট থেকে কুশমণ্ডির দিকে যাচ্ছিল। সেই সময় বাউল এলাকার একটি গলি থেকে জাতীয় সড়কে ওঠে একটি টোটো। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঠিক তখনই দ্রুতগতির গাড়িটি এসে টোটোটিকে সজোরে ধাক্কা মারে। আঘাতের জেরে টোটোটি ছিটকে রাস্তার ধারের খালে গিয়ে পড়ে।আরও পড়ুন:
ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটোচালক খোকন সরকারের।
তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। দুর্ঘটনার পর এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, জাতীয় সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নেই। ব্যারিকেড এবং কড়া ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিও তোলেন তাঁরা। স্থানীয় বাসিন্দা তপন সরকারের কথায়, গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে সামনে টোটো চলে আসার পর আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক।আরও পড়ুন:
জানা গিয়েছে, দুর্ঘটনার সময় নির্বাচনী পর্যবেক্ষক নিজে গাড়িতে উপস্থিত ছিলেন না। তবে গাড়ির নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন। তাঁর মাথায় আঘাত লাগে এবং তাঁকে দ্রুত বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চালক অল্পের জন্য প্রাণে বেঁচে যান। দুর্ঘটনার পর উত্তেজিত বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করেন। দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পতিরাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।