পুবের কলম ওয়েব ডেস্ক: লোহিত সাগর, এডেন উপসাগর এবং ইয়েমেনের বাব আল-মানদেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে একটি বহুজাতিক সামুদ্রিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। ১৪টি দেশের সমন্বয়ে গঠিত এই জোটে বাংলাদেশ এবং পাকিস্তানও রয়েছে। বৃহস্পতিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ সুরক্ষিত রাখতেই এই যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন:
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার জেরে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এর ফলে সৌদি আরবকে তাদের তেল রপ্তানির জন্য লোহিত সাগরের ওপর আরও বেশি নির্ভর করতে হচ্ছে। তবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সেখানেও সৌদির তেলবাহী জাহাজের ওপর অবরোধ আরোপ ও হামলা শুরু করেছে। উল্লেখ্য, প্রতিদিন বিশ্বের প্রায় ১০ থেকে ১২ শতাংশ সামুদ্রিক বাণিজ্য সংকীর্ণ বাব আল-মানদেব প্রণালি দিয়ে সম্পন্ন হয়। তাই এই জলপথে হুথি বিদ্রোহীসহ যে কোনো নিরাপত্তা হুমকি মোকাবিলা করে বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল রাখতেই এই সামুদ্রিক জোট গঠন করেছে রিয়াদ।আরও পড়ুন:
সৌদি আরবকে এই নতুন জোটের প্রতিষ্ঠাতা সদস্য এবং সদর দপ্তর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই জোটে স্বাক্ষরকারী অন্যান্য দেশগুলো হলো বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কমোরোস। ওমান বা সংযুক্ত আরব আমিরাত এখনও স্বাক্ষর না করলেও আগ্রহী অন্যান্য দেশগুলোর জন্য এই সামুদ্রিক জোট-এ যুক্ত হওয়ার পথ খোলা রাখা হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, এই জোটটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক। এটি নির্দিষ্ট কোনো দেশকে লক্ষ্য করে গঠিত হয়নি। মূলত সদস্য দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামুদ্রিক অভিযান ও মহড়ার মাধ্যমে নিজেদের বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে এই জোটের প্রধান লক্ষ্য।