মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা একটি বাড়ি ভেঙে পড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন প্রশাসনের কর্মকর্তারা। বাড়িটিতে মেরামতির কাজ চলাকালীনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ পাওয়ারলুম শহর ভিওয়ান্ডির বালাজি নগর এলাকার কোহিনূর বিল্ডিং-এর একটি অংশ ধসে পড়ে।

পুরসভার কর্মকর্তারা জানান, চারতলা ওই ভবনে মোট ৪৮টি ঘর ছিল, প্রতিটি তলায় ১২টি করে। ভবনটিকে আগেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছিল পুরসভা।

বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ বাসিন্দারা ভবনটির ভেতর থেকে জোরে ফাটার শব্দ শুনতে পান। পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয় বাসিন্দারা দ্রুত বহু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।

তবে কয়েকজন বাসিন্দা তখনও বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। সেই সময়ই ভবনের ‘বি’ উইংটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স, দমকল ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে শ্বানদল, চারটি দমকল ইঞ্জিন, দুটি অ্যাম্বুল্যান্স এবং ভারী মাটি কাটার যন্ত্র।