পুবের কলম ওয়েব ডেস্ক: প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ফ্ল্যাট এবং ব্যাঙ্ক লকার থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সোনার প্রকৃত উৎস সন্ধানে এবার ময়দানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকাল থেকেই কলকাতার শর্ট স্ট্রিট এবং খিদিরপুর-সহ রাজ্যের মোট ১২টি জায়গায় একযোগে বড় ধরনের তল্লাশি অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। মূলত কোনো ধরনের আর্থিক দুর্নীতি বা তোলাবাজির কালো টাকা ব্যবহার করে এই সোনা কেনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতেই ইডির এই বিশেষ পদক্ষেপ।
আরও পড়ুন:
গত মাসে তোলাবাজির অভিযোগে বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন সব্যসাচী দত্ত।
ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ ধৃত নেতার একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে তাঁর ফ্ল্যাট ও ব্যাঙ্ক লকার থেকে প্রায় সাড়ে তিন কেজি সোনা বাজেয়াপ্ত করে, যার বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা। এর পাশাপাশি, ৭৬ কোটি টাকার সোনা কেনার রসিদও তদন্তকারীদের হাতে এসেছে। এমনকি সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়ি থেকেও বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়েছে বলে খবর।আরও পড়ুন:
প্রাক্তন এই বিধায়কের আয়ের সঙ্গে তাঁর এই বিপুল পরিমাণ সম্পত্তির কোনো সামঞ্জস্য খুঁজে পাননি তদন্তকারীরা।
সেই অসঙ্গতির সূত্র ধরেই দুর্নীতির গভীরে পৌঁছতে চাইছে ইডি। উল্লেখ্য, সব্যসাচী দত্তের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে সম্প্রতি প্রাথমিক অনুসন্ধান শুরু করেছিল কেন্দ্রীয় সংস্থাটি। পুলিশের কাছ থেকে এফআইআরের যাবতীয় নথিও সংগ্রহ করা হয়েছে। সেই প্রাথমিক পর্বের পরেই শুক্রবারের এই বৃহত্তর অভিযান চালিয়ে তদন্তের জাল আরও গুটিয়ে নিতে চাইছেন ইডি আধিকারিকরা।