পুবের কলম, ওয়েবডেস্ক: আন্দোলন প্রত্যাহারের পর প্রতিশ্রুতি ভেঙে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের করা এবং জোরপূর্বক আটকে রাখার মাধ্যমে কেন্দ্র সরকার ‘প্রতিশোধপরায়ণতা’ দেখাচ্ছে বলে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দাবি জানিয়েছেন, অবিলম্বে যেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন:
শুক্রবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে কড়া ভাষায় মোদি সরকারকে আক্রমণ করেন কংগ্রেস সভাপতি। ককরোচ জনতা পার্টি-র নেতৃত্বে গত ২০ জুলাই ‘সংসদ অভিযান’ এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নিরাপত্তা বাহিনী ও পুলিশের লাঠিচার্জ এবং পেলেট গান ব্যবহারের প্রসঙ্গও টেনে আনেন তিনি। সরকারের দ্বিমুখী নীতি ও মিথ্যা প্রতিশ্রুতির কথা তুলে ধরে মল্লিকার্জুন খাড়গে লেখেন, “নরেন্দ্র মোদীজি, ঠিক ১০ দিন আগে আপনার সরকার তরুণদের দমনে লাঠি, ব্যাটন ও পেলেট গান ব্যবহার করেছিল।
অথচ ছাত্ররা যখন সমস্ত শর্ত মেনে ও কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার আশ্বাসের ভিত্তিতে তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল, তখন আপনারা ঠিকই প্রতিশোধের মনোভাব নিয়ে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করছেন এবং জোর করে আটক করে রাখছেন।” তাঁর অভিযোগ, তরুণ সমাজ ও শিক্ষার্থীরা প্রশাসনের দেওয়া কথা এবং চুক্তির ওপর ভরসা করে আন্দোলন তুলে নিলেও বিজেপি শাসিত সরকারগুলি নিজের দেওয়া কথা নিজেই খেলাপ করেছে।আরও পড়ুন:
ছাত্র আন্দোলনের ওপর পুলিশি দমনপীড়ন এবং পরবর্তীতে ধরপাকড় ও হেনস্থা বন্ধ করার দাবিতে সোচ্চার হয়ে খাড়গে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এভাবে ভয় দেখিয়ে ও আইনি বেড়াজালে জড়িয়ে দমন করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকারের এই প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে বিরোধী দলগুলি যে যুবসমাজের পাশে রয়েছে, সেই বার্তায় স্পষ্ট করে দিয়েছেন কংগ্রেস সভাপতি।