পুবের কলম, ওয়েবডেস্ক: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর তথাকথিত পুলিশি দমনপীড়নের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। দেশজুড়ে প্রতিবাদী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করার চেষ্টার তীব্র সমালোচনা করে কংগ্রেস নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন প্রজন্মের কণ্ঠরোধ করা সম্ভব নয়।
আরও পড়ুন:
শুক্রবার ‘এক্স’-এ এক বার্তায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি নিশানা করে রাহুল গান্ধি লেখেন, “মোদিজি ও অমিত শাহ—আপনারা ভয় দেখিয়ে ‘জেন-জি’-র মুখ বন্ধ রাখতে পারবেন না। প্রথমে আপনারা ওদের হাড়গোড় ভাঙলেন, আর এখন ওদের বিরুদ্ধে এফআইআর দায়ের করছেন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন। আপনারা ভারতের অতীত, কিন্তু ভারতের ভবিষ্যতের সঙ্গে কেমন আচরণ করছেন—তা নিয়ে সাবধান হন।
”আরও পড়ুন:
সংসদের লোকসভায় টানা প্রতিবাদের মাঝেও স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে রাহুল গান্ধী তাঁর প্রতিক্রিয়ায় দাবি করেন, এই অনুপস্থিতি আসলে সরকারের "অপরাধবোধের" প্রমাণ। তিনি লেখেন, “শিক্ষার্থীদের ওপর হওয়া নৃশংস হিংসার ব্যাখ্যা দিতে অমিত শাহ সংসদে আসতে এত ভয় পাচ্ছেন কেন? এতে অপরাধবোধ স্পষ্ট হয়ে ওঠে।” এর পাশাপাশি একটি ভিডিও পোস্ট করে রাহুল গান্ধী শিক্ষার্থীদের ওপর চালোনো বলপ্রয়োগের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তিনি বলেন, “শিক্ষার্থীরা ন্যায়বিচার পাওয়ার যোগ্য। ২০ জুলাই শিক্ষার্থীদের ওপর হওয়া এই বর্বরতার তদন্তে সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন স্বাধীন কমিটি গঠন করতে হবে।”