পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির জন্য উচ্চশিক্ষা দফতরের মনোনীত প্রতিনিধিদের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল বিকাশ ভবন। তবে এই তালিকার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, শুক্রবার প্রকাশিত এই তালিকায় কোনো শিক্ষাবিদ বা অধ্যাপককে রাখা হয়নি। সরকার মনোনীত এই বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা প্রত্যেকেই আইএএস অথবা ডব্লিউবিসিএস পদমর্যাদার উচ্চপদস্থ আধিকারিক।

রাজ্যে পালাবদলের পর বর্তমান সরকার আগের সরকারের মনোনীত সমস্ত প্রতিনিধিকে পদত্যাগের অনুরোধ জানায়। এর ফলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির বিভিন্ন কমিটিতে সরকারি প্রতিনিধির পদগুলি শূন্য হয়ে পড়ে এবং প্রশাসনিক বৈঠকগুলি কার্যত থমকে যায়।

এই সমস্যা সমাধানের লক্ষ্যেই সরকার আপাতত ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মনোনীত করেছে।

অনেক আধিকারিককে একসঙ্গে একাধিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন, উচ্চশিক্ষা দফতরের যুগ্ম সচিব অরিন্দম বিশ্বাসকে দার্জিলিং হিলস, কন্যাশ্রী এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি করা হয়েছে। যুগ্ম সচিব আজার জিয়াকে যাদবপুর এবং বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। যে ১৪টি বিশ্ববিদ্যালয়ে এই প্রতিনিধি নিয়োগ করা হয়েছে সেগুলি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, বারাসতের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, রানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটি, হিন্দি বিশ্ববিদ্যালয়, সিধো-কানু-বীরসা বিশ্ববিদ্যালয় এবং দার্জিলিং হিলস ইউনিভার্সিটি।