কারাগারের অতিরিক্ত ভিড় কমানো এবং আসক্ত বন্দিদের পুনর্বাসনের লক্ষ্যে নতুন আইন পাস করেছে ইতালির পার্লামেন্ট। এই আইনের আওতায় মাদক ও অ্যালকোহলে আসক্ত প্রায় ১৩ হাজার ৭০০ বন্দি কারাগারের পরিবর্তে নিজ নিজ বাড়িতে থেকে সাজা ভোগের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
বুধবার পার্লামেন্টে পাস হওয়া এই আইনকে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকারের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, এই উদ্যোগ একদিকে কারাগারের ওপর চাপ কমাবে, অন্যদিকে আসক্ত অপরাধীদের সমাজে পুনর্বাসনের পথও সুগম করবে।
আরও পড়ুন:
ভোটাভুটিতে বিলটির পক্ষে ১৫৩টি ভোট, বিপক্ষে ৪২টি এবং ভোটদানে বিরত থাকেন ৮২ জন আইনপ্রণেতা। ক্ষমতাসীন জোটের শরিক লিগ ও ফোরজা ইতালিয়া বিলটির পক্ষে ভোট দেয়। অন্যদিকে ফাইভ স্টার মুভমেন্ট ও ফুতুরো নাজিওনালে এর বিরোধিতা করে। বামপন্থী দলগুলো নীতিগতভাবে সমর্থন জানালেও পুনর্বাসন কর্মসূচির জন্য বরাদ্দ তহবিলকে অপর্যাপ্ত উল্লেখ করে ভোটদানে বিরত থাকে।
আরও পড়ুন:
ইতালির বিচারমন্ত্রী কার্লো নর্দিও জানান, বর্তমানে দেশটির কারাগারগুলো ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি বন্দিতে পূর্ণ। নতুন আইনের ফলে আনুমানিক ১০ হাজার মাদকাসক্ত এবং ৩ হাজার ৭০০ অ্যালকোহল-আসক্ত বন্দি কারাগারের বাইরে থেকে চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
শাসক জোটের শরিক লিগ দলের আইনপ্রণেতা সিমোনেত্তা মাতোনে বলেন, এই আইনের উদ্দেশ্য নির্বিচারে বন্দি মুক্তি নয়; বরং যেসব অপরাধের পেছনে আসক্তি প্রধান কারণ, তাদের চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে ভবিষ্যতে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি কমানো। তাঁর মতে, আসক্তির কার্যকর চিকিৎসাই দীর্ঘমেয়াদে অপরাধ কমানোর অন্যতম গুরুত্বপূর্ণ উপায়।