উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: মগরাহাট ২ নম্বর ব্লকের গোকূর্নি গ্রাম পঞ্চায়েতে শুক্রবার দুপুরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় পঞ্চায়েত প্রধান মধুমিতা সরদারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে সরব হন গ্রামবাসীরা। তাঁরা পঞ্চায়েত প্রধানকে ঘিরে ফেলে তীব্র বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

বিক্ষোভকারীদের প্রধান অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য যথাযথভাবে ফর্ম পূরণ করা সত্ত্বেও বহু উপভোক্তার অ্যাকাউন্টে প্রাপ্য অর্থ পৌঁছায়নি।

পাশাপাশি গ্রামবাসীদের দাবি, যাঁদের পাকা বাড়ি রয়েছে, কেবল তাঁদের নামেই আবাসন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও, দুঃস্থ মানুষের প্রয়োজনে ত্রিপল চাইলেও বারবার তাঁদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানে অনিয়ম এবং স্বজনপোষণের অভিযোগও তুলেছেন স্থানীয়রা।

এই সমস্ত দাবিদাওয়াকে সামনে রেখে গ্রামবাসীরা সংঘবদ্ধভাবে আন্দোলন শুরু করলে পঞ্চায়েত এলাকা ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে পঞ্চায়েত প্রধানকে উদ্ধার করে মগরাহাট থানায় নিয়ে যায়। এ সময় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভকারীরা প্রতিবাদ জানালে সাময়িকভাবে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় এবং গ্রামবাসীরা এলাকা থেকে সরে যান। বিক্ষোভকারীদের একাংশ পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবিও তোলেন। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে পঞ্চায়েত প্রধানের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।