পুবের কলম ওয়েব ডেস্ক: অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র প্রকাশের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। ১২ পাতার দীর্ঘ ফর্ম দেখে অনেকেই দুশ্চিন্তায় পড়েছেন। এত তথ্য কেন চাওয়া হয়েছে, কী কী নথি লাগবে, পুরো ফর্ম পূরণ করতে হবে কি না এই সব প্রশ্ন ঘুরছে আবেদনকারীদের মনে। শুধু আবেদনকারী নন, পরিবারের সদস্যদের সম্পর্কেও একাধিক তথ্য চাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

এই পরিস্থিতিতেই শুক্রবার পূর্ব মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিএন শাসমল হলের সংস্কার ও আধুনিকীকরণের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানান, আবেদনপত্রের সব পাতা পূরণ করার প্রয়োজন নেই।

তাঁর বক্তব্য, মাত্র তিনটি পাতায় আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য লিখলেই হবে। সুকান্ত বলেন, ফর্মে কিছু অংশ এমন রয়েছে যেখানে শুধু নির্দিষ্ট জায়গায় টিক চিহ্ন দিলেই চলবে। আবার কয়েকটি পাতা রয়েছে বিশেষ কিছু আবেদনকারীর জন্য আলাদা ভাবে রাখা। সব মিলিয়ে সাধারণ আবেদনকারীদের জন্য মাত্র ৩ টি পাতায় তথ্য দিলেই আবেদন সম্পূর্ণ হবে। তাঁর দাবি, পুরো প্রক্রিয়াটি আরও পরিষ্কার ও স্বচ্ছ রাখতেই এই ধরনের ফর্ম তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনা ছিল নির্বাচনের আগে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি।

সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা এবার মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এরপর সরকারি ভাবে ফর্ম প্রকাশ হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তা সংগ্রহ করতে ভিড় বাড়তে শুরু করেছে। কোথাও সাইবার ক্যাফেতে লম্বা লাইন, কোথাও আবার সরকারি দফতরে উপচে পড়ছে ভিড়। তবে ১২ পাতার ফর্ম দেখেই অনেকেই চিন্তায় পড়ে যান। বিশেষ করে প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করা এবং ফর্ম পূরণ করার পদ্ধতি নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে।
সেই বিভ্রান্তির মধ্যেই সুকান্তর এই মন্তব্যে কিছুটা স্বস্তি পেয়েছেন আবেদনকারীদের একাংশ।

এদিন রাজনৈতিক প্রসঙ্গেও মুখ খোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ভালো তৃণমূল মন্তব্য নিয়ে তিনি বলেন, দুর্নীতি বা অনিয়মে যাঁদের নাম জড়িয়েছে তাঁদের জন্য বিজেপির দরজা বন্ধ। তবে এমন কিছু মানুষ থাকতে পারেন, যাঁরা তৃণমূলের মধ্যে থেকেও অন্যায়ের বিরুদ্ধে সরব হতে পারেননি বা পরিস্থিতির কারণে চুপ থাকতে বাধ্য হয়েছেন। তাঁদের বিষয়ে দল পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে।
তবে এই প্রসঙ্গে সুকান্তর কটাক্ষও ছিল স্পষ্ট। তিনি বলেন, ভালো তৃণমূল খুঁজে পাওয়া খুবই কঠিন।