পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোটের আগে সংকল্প পত্রে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। যার একটি ছিল সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার সুবিধা। সরকার গঠন হতেই প্রতিশ্রুতি পূরণ বিজেপি সরকারের। মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়েই বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। জানালেন, সরকারি বাসে সফরের ক্ষেত্রে আর ভাড়া গুণতে হবে না মহিলা যাত্রীদের।

১ জুন থেকে লাগু হবে এই নির্দেশিকা।

রাজ্যে পালাবদলের পরেই মহিলাদের জন্য জোড়া সুখবর দিয়েছে নতুন সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে চলেছে নতুন সরকার। আগামী ১ জুন থেকেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

পাশাপাশি সরকারি বাসে যাতায়াতও মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে হতে চলেছে।  আজ নবান্ন সভাঘরে দলের বিধায়কদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই মেগা সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ইস্তাহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠন করার পরেই সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণে তৎপর হয়েছে প্রশাসন। সূত্র মারফত জানা যাচ্ছে, সম্প্রতি সব বিধায়কদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সেই বৈঠকেই তিনি স্পষ্ট বার্তা দেন যে, সাধারণ মানুষের বিশ্বাস এবং আস্থা অর্জন করতে হলে দ্রুত প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করতে হবে। তাই আগামী মাসের প্রথম দিন, অর্থাৎ ১ জুন থেকেই মহিলাদের জন্য এই জোড়া প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বিধায়কদের নিজেদের বিধানসভা কেন্দ্রে এই খবর ব্যাপকভাবে প্রচার করারও নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে প্রতিদিন যে সমস্ত মহিলারা কাজের সূত্রে, ব্যবসার প্রয়োজনে বা কলেজ-বিশ্ববিদ্যালয়ে যান, তাঁদের যাতায়াতের বিপুল খরচ সম্পূর্ণ বাঁচবে। প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই এই জোড়া প্রকল্পের রূপায়ণের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।