পুবের কলম ওয়েব ডেস্কঃ আগামী ১ জুন থেকে রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনা। সরকারের তরফে জানানো হয়েছে যারা আগের সরকারের চালু করা লক্ষ্মী ভান্ডারের সুবিধা পেতেন তারা সকলেই এই ভাতা পাবেন। শুধু এসআইআরে নাম বাদ গেলে সুবিধা মিলবে না। তবে যারা সেই সুবিধা পান না তাদের নতুন করে আবেদন করতে হবে। এরজন্য পোর্টাল চালু করা হবে বলে জানানো হয়েছিল। যদিও এই পোর্টাল চালু হয়েছে বলে বিভ্রান্তি ছড়িয়েছে।

সে বিষয়টি এবার স্পষ্ট করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 

মন্ত্রীর কথা অনুযায়ী, নতুন আবেদনকারীদের জন্য এখনও অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালু হয়নি। অগ্নিমিত্রা জানান, পোর্টালের কাজ এখনও চলছে। পোর্টাল খোলা হলেই তা সরকারিভাবে ঘোষণা করা হবে। যদিও কতদিন সময় লাগবে বা কবে এই পোর্টাল চালু হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি। একইসঙ্গে মন্ত্রী জানান, অনেক জায়গায় বলা হচ্ছে যে এই যোজনায় আবেদনের জন্য পোর্টাল খুলে গিয়েছে।

এই খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর কথায় নতুন পোর্টাল তৈরি হওয়ার পর তার মাধ্যমে আবেদন করতে পারবেন উপভোক্তারা। তিনি জানান, দু তিন মাস পর বাজেট হওয়ার পর নতুন আবেদনকারীরা টাকা পাবেন এই প্রকল্পের অধীনে। 

এর পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারে থাকা উপভোক্তাদের ভেরিফিকেশনের প্রয়োজন বলে দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে অনেক উপভোক্তায় আইসিডিএস সেন্টার, ডিএম অফিসে গিয়ে ফর্ম ফিলআপ করছেন। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এরকমভাবে ফর্ম ফিলআপের কোনও প্রয়োজন নেই ।

কোনও রকম ভেরিফিকেশনের প্রয়োজন নেই যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাঁদের নামই অন্নপূর্ণা যোজনায় যুক্ত হয়ে যাবে। এনিয়ে আলাদাভাবে ফর্ম ফিলাপ বা আবেদনের কোনও প্রয়োজন নেই। তিনি জানান, আগের সরকারে যারা ১৫০০ বা ১৭০০ টাকা করে পেতেন তাঁরাই এবার ৩ হাজার টাকা করে পাবেন। একইসঙ্গে, এএ, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাঁরা পাবেন না। প্রকৃত নাগরিকরা ১ জুন থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে পাবেন।