পুবের কলম ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে একাধিকবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। শাসক দলের দাবি, বিভিন্ন কেন্দ্রে বিজেপি প্রার্থীরা ভোটারদের মধ্যে নগদ অর্থ বিলি করছেন এবং নানা প্রকল্পের নামে কার্ড বিতরণ করছেন। এমন আটটি ঘটনার উদাহরণ তুলে ধরে কমিশনের কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে।
তৃণমূলের অভিযোগ, কোথাও ‘মাতৃশক্তি ভরসা’ বা ‘যুবশক্তি ভরসা’ নামে কার্ড দেওয়া হচ্ছে, আবার কোথাও ভোটারদের হাতে সরাসরি টাকা তুলে দেওয়া হচ্ছে।

এই সব কার্যকলাপ নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে শাসক দল।
অভিযোগে বলা হয়েছে, নোয়াপাড়া ও গোপীবল্লভপুরে ‘অন্নপূর্ণ ভাণ্ডার’ প্রকল্পের নামে বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং রাজেশ মাহাতো নাকি ভোটারদের মধ্যে তিন হাজার টাকা করে নগদ বিলি করেছেন। অভিযোগের তালিকায় আরও রয়েছে ভাটপাড়া কেন্দ্রের ঘটনা। সেখানে বিজেপি প্রার্থী পবন সিং প্রচারে বেরিয়ে ধর্মগ্রন্থের সঙ্গে টাকা বিতরণ করছেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ ছাড়াও পাণ্ডবেশ্বর কেন্দ্রেও বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সেখানে একটি ক্লাবে ২৫ হাজার টাকা অনুদান দিয়েছেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। পাশাপাশি সোনারপুর দক্ষিণ, ইংরেজবাজার ও বাগদা কেন্দ্রে ‘নারীশক্তি ভরসা’ নামে কার্ড বিলির অভিযোগও উঠেছে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে।
এই সব অভিযোগ তুলে তৃণমূলের দাবি, বিজেপির কেন্দ্রীয় নেতারা নির্বাচনের আগে তাদের প্রতিশ্রুত প্রকল্পগুলির সুবিধা দেওয়ার নামে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
ভোটের আগে এমন প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলেও দাবি করা হয়েছে। তবে এই অভিযোগ মানতে নারাজ পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। তাঁর বক্তব্য, বিজেপিকে কখনও টাকা দিয়ে ভোট আদায় করতে হয় না। তিনি পাল্টা দাবি করেন, এ ধরনের সংস্কৃতি তৃণমূলের রাজনীতির মধ্যেই রয়েছে। তাঁর কথায়, পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বহু বছর ধরে মানুষকে গরিব রেখে নিজের প্রভাব বাড়িয়েছেন, সেই পরিস্থিতি বদলাতেই তিনি ভোটের ময়দানে নেমেছেন। তবে বিরোধীদের দাবি, ‘যুবশক্তি ভরসা’ বা ‘মাতৃশক্তি ভরসা’ নামে কার্ড বিতরণের কিছু ছবি ইতিমধ্যেই সামনে এসেছে, যা এই অভিযোগকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি করেছে।