পুবের কলম ওয়েব ডেস্ক: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় শুক্রবার আরও দু’জনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতেরা সম্পর্কে দুই ভাই, নাম সাগর সোনকর ও সাহেব সোনকর। সিবিআই সূত্রে খবর, টানা জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়। এর আগে এই মামলায় শার্প শুটার ও মধ্যস্থতাকারীরা ধরা পড়লেও, তদন্তকারীদের অনুমান এই দুই ভাই-ই খুনের মূল চক্রী।

জানা গিয়েছে, ধৃতেরা চন্দ্রনাথের পূর্বপরিচিত এবং ২০২০ সালে তাঁরা বিজেপিতে যোগ দেন।

তার আগে অন্য রাজনৈতিক দলের এক নেতার ঘনিষ্ঠ ছিলেন তাঁরা। তদন্তে উঠে এসেছে, ২০২৫ সাল থেকেই চন্দ্রনাথকে খুনের ছক কষা হচ্ছিল। শুটার আনা, রেকি করা থেকে শুরু করে পুরো অপারেশনের ব্লু-প্রিন্ট এঁরাই তৈরি করেন। সাগরের সঙ্গে ল্যান্ডলাইনে বিরোধী দলের কারও যোগাযোগ ছিল বলেও সন্দেহ সিবিআইয়ের। তবে খুনের সঠিক উদ্দেশ্য এখনও অজানা।

রাজ্যে রাজনৈতিক পালাবদল এবং বিধানসভা ভোটের ফল ঘোষণার ঠিক পরেই গত ৬ মে মধ্যমগ্রামে আততায়ীদের গুলিতে খুন হন চন্দ্রনাথ। এর আগে বেশ কয়েকজন ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে সিবিআই। আগামী অগস্ট মাসেই আদালতে এই মামলার চার্জশিট জমা পড়তে পারে। দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম জড়ানোয় অন্তর্ঘাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, তিনি ধৃতদের ব্যক্তিগতভাবে চেনেন না এবং এই ঘটনায় অপরাধী কেউ কোনও রাজনৈতিক সুরক্ষা পাবে না, আইন তার নিজস্ব পথেই চলবে।