পুবের কলম ওয়েব ডেস্ক: ভারতের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন ২৩ বছর বয়সি জুডোকা অস্মিতা দে। কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় হিসেবে জুডোতে সোনার পদক জয় করেছেন তিনি। শুক্রবার ফাইনালে কানাডার হেইদি কুয়াচকে হারিয়ে এই অবিস্মরণীয় কীর্তি গড়েন অস্মিতা। তাঁর এই জয়ের রেশ কাটতে না কাটতেই ভারতের হর্ষ সিংহও ফাইনালে সোনা জেতেন।

ফলে একই দিনে জুডো থেকে জোড়া সোনা পেল ভারত। এই নিয়ে চলতি গেমসে ভারতের মোট সোনার সংখ্যা দাঁড়াল পাঁচে।

দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়ার এক সাধারণ সাইকেল মেকানিকের মেয়ে অস্মিতার এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। প্রথমে অ্যাথলেটিক্স দিয়ে ক্রীড়াজীবন শুরু করলেও ২০১৫ সালে কোচের পরামর্শে জুডোতে আসেন তিনি।

এরপর নিজের প্রতিভার জোরে ভোপালের সাই (SAI) কেন্দ্রে সুযোগ পান এবং কঠোর অনুশীলন চালিয়ে যান। কমনওয়েলথের ইতিহাসে এর আগে ভারত জুডোতে পাঁচটি রূপো ও ছ'টি ব্রোঞ্জ জিতলেও, অস্মিতার হাত ধরেই প্রথম সোনার খরা কাটল। জুডোতে হর্ষ ছাড়াও ফাইনালে উঠেছেন যামিনী মৌর্য।

জুডোর পাশাপাশি বক্সিংয়েও ভারতীয়দের জয়জয়কার অব্যাহত রয়েছে। ওয়েলসের প্রতিযোগীকে অনায়াসে হারিয়ে চমক দিয়েছেন অরুন্ধতী চৌধরি। এছাড়াও জৈস্মিন লম্বোরিয়া, প্রীতি পওয়ার, অন্তিম পঙ্ঘাল এবং জাদুমণি সিংহ নিজেদের বিভাগে দুরন্ত পারফর্ম করে ফাইনালে জায়গা করে নিয়ে দেশের জন্য পদক নিশ্চিত করেছেন।