পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে পালাবদল এবং নতুন সরকার ক্ষমতায় আসার পর স্কুলগুলির মিড ডে মিল ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। আগামী শনিবার, ১ অগস্ট থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল পরিবেশনের দায়িত্ব নিচ্ছে ইসকন। তাদের তরফে পড়ুয়াদের নিরামিষ আহার দেওয়া হবে। তবে পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে আলাদা করে ডিম দেওয়া হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এবার ডিমের পাশাপাশি আগামী দিনে পড়ুয়াদের পাতে মাছও দেওয়া হতে পারে বলে বড়সড় ইঙ্গিত দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক।আরও পড়ুন:
গত বৃহস্পতিবার কোচবিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক মুখ্যমন্ত্রীর ঘোষণাকে সাধুবাদ জানান। তিনি বলেন, ইসকনের নিরামিষ আহার দেওয়ার সিদ্ধান্তের পর পড়ুয়াদের প্রোটিন এবং পুষ্টির অভাব নিয়ে বিরোধীরা যে সমালোচনা করছিলেন, মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় তাঁদের মুখ বন্ধ হয়েছে। এরপরই তিনি সংযোজন করেন যে, শুধু ডিম নয়, আগামী দিনে মাছও দেওয়া হবে।
পড়ুয়াদের জন্য যেখানে পুষ্টিকর খাদ্যের প্রয়োজন হবে, রাজ্য সরকার তা গুরুত্ব সহকারে বিবেচনা করবে।আরও পড়ুন:
ইসকনের তরফে নিরামিষ খাবার দেওয়ার সিদ্ধান্তের পর পড়ুয়াদের প্রোটিন ঘাটতি নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, মুখ্যমন্ত্রীর ডিম দেওয়ার ঘোষণায় তা আগেই কেটেছিল। এবার নিশীথ প্রামাণিকের মাছ দেওয়ার বার্তা পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে কবে থেকে মিড ডে মিলে মাছ দেওয়া শুরু হবে বা কারা এই মাছ রান্নার দায়িত্বে থাকবেন, সে বিষয়ে মন্ত্রীর তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।