পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২০ সালের গালোয়ান সীমান্ত সংঘর্ষের পর এই প্রথম ভারত সফরে আসতে চলেছেন চিনের প্রেসিডেন্ট শি জিংপিং। চলতি বছরের সেপ্টেম্বর মাসে নতুন দিল্লিতে আয়োজিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি ভারতে আসবেন বলে সূত্রের খবর। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও জিংপিংয়ের এই সফর নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বিশদ সূচি প্রকাশ করা হয়নি। সংবাদমাধ্যম রিপোর্ট অনুযায়ী, চিনের পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন।

শি জিনপিং শেষবার ২০১৯ সালের অক্টোবরে ভারত সফর করেছিলেন। সেই সময় তামিলনাড়ুর মামাল্লাপুরমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিতীয় 'অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে' অংশ নিয়েছিলেন তিনি। তবে সেই সফরের মাত্র ছয় মাসের মাথায় পূর্ব লাদাখে ভারতীয় ভূখণ্ডে চিনা সেনাবাহিনীর অনুপ্রবেশের ঘটনা সামনে আসে। ২০২০ সালের ১৫ জুন গালোয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। সেই সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর ২০ জন বীর জওয়ান শহীদ হন। চিন আনুষ্ঠানিকভাবে তাদের ৪ জন সেনা নিহতের কথা স্বীকার করলেও বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে চিনা পিপলস লিবারেশন আর্মির হতাহতের সংখ্যা তার চেয়ে অনেক বেশি ছিল বলে জানা যায়।