পুবের কলম, ওয়েবডেস্ক: ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে পারস্য উপসাগরে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে এবং আটকে পড়া ভারতীয় জাহাজগুলোকে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা তুঙ্গে তুলল ভারত। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে পড়া ১৩টি জাহাজকে হরমুজ প্রণালী পার করে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইরান কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে।
আরও পড়ুন:
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিক সম্মেলনে জানান যে, ইরান সরকারের সঙ্গে আলোচনায় কিছুটা ‘অগ্রগতি’ হয়েছে। তিনি বলেন, "আমাদের মোট ১১টি ভারতীয় জাহাজ ইতিমধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করতে পেরেছে।
তবে এখনও ১৩টি জাহাজ পারস্য উপসাগরে আটকে রয়েছে। আমরা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছি যাতে অবশিষ্ট জাহাজগুলো দ্রুত এবং নিরাপদে দেশে ফিরতে পারে।" ভারত এই আলোচনার একটি ইতিবাচক ফলাফলের অপেক্ষায় রয়েছে বলেও তিনি আশা প্রকাশ করেন।আরও পড়ুন:
পারস্য উপসাগরের এই সংকটে ভারত বিশেষভাবে চিন্তিত, কারণ দেশের জ্বালানি নিরাপত্তার একটি বড় অংশ এই অঞ্চলের ওপর নির্ভরশীল।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, ভারতের মোট তেল ও গ্যাসের চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথে জাহাজ চলাচলে সামান্য ব্যাঘাত ঘটলেও ভারতের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির আকাল এবং দামবৃদ্ধির প্রবল আশঙ্কা তৈরি হয়।আরও পড়ুন:
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে পারস্য উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। ভারত তার বাণিজ্যিক জাহাজ এবং ক্রু মেম্বারদের সুরক্ষা নিশ্চিত করতে শুরু থেকেই সক্রিয়। ইতিপূর্বে বেশ কিছু জাহাজকে সুরক্ষিতভাবে বের করে আনা সম্ভব হলেও, ভৌগোলিক ও কৌশলগত কারণে এখনও ১৩টি জাহাজ সেখানে আটকে আছে। নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে পড়া নাবিকদের সুরক্ষাই এখন তাঁদের সর্বোচ্চ অগ্রাধিকার।