উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: সুন্দরবনের পাথরপ্রতিমার ফেরি ঘাট ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা ঘটল । ব্রিজের ঢাল থেকে নিচে পড়ে মৃত্যু হল ২ জনের, এছাড়াও আহত হয়েছেন আরও ২ জন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আরও পড়ুন:
সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের পাথরপ্রতিমা ব্লকের ফেরিঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বাইকে হেলমেট বিহীন অবস্থায় ৪ জন যাচ্ছিলেন। জানা যায়, বাইকটি প্রচণ্ড গতিতে ব্রিজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নিচে পড়ে যায়।
তাতে ২ জনের মৃত্যু হয়েছে। কী ভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখার দাবি তুলেছেন স্থানীয়রা। দুর্ঘটনায় আহত ও নিহত প্রত্যেকের বাড়ি রায়দিঘি বিধানসভার কুমড়োপাড়া এলাকায় বলে জানা গিয়েছে। দুর্ঘটনা ঘটার সময় প্রচণ্ড জোরে শব্দ হয়। এরপর কাছে থাকা মানুষজন দৌড়ে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করে।আরও পড়ুন:
৪ জনকে পাথরপ্রতিমার গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।সেখানেই চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। অপর ২ জনের প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাদের তৎক্ষণাৎ ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।আর এই ঘটনার খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃত এবং আহতদের বাড়ির লোকের খোঁজ পাওয়া যায়নি।
তবে পুলিশ তাদের পরিচয় জানার চেষ্টা করছে। আহতদের পরিচয় না মিললেও পুলিশের মানবিকতায় আহত ব্যক্তিদের ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে পাঠানো হয় গাড়িতে করে। কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান গাড়িতে অতিরিক্ত গতি থাকার কারণে এই ঘটনা ঘটেছে। আহতরা সুস্থ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।