পুবের কলম ওয়েব ডেস্কঃ নির্বাচনী প্রচারে বেরিয়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল বিনপুরের তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার কনভয়। পুলিশের পাইলট গাড়ির সঙ্গে একটি পণ্যবাহী কন্টেনারের ধাক্কা লাগে। শুক্রবার গভীর রাতে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর উলুবেড়িয়া থানার বীরশিবপুর উড়ালপুলে এই ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পান বীরবাহা হাঁসদা।
আরও পড়ুন:
জানা গিয়েছে, শুক্রবার রাতে কলকাতায় প্রচারের কর্মসূচিতে যোগ দিতে ঝাড়গ্রাম থেকে রওনা দিয়েছিলেন বীরবাহা হাঁসদা। রাত প্রায় বারোটার সময় বীরশিবপুর উড়ালপুলের কাছে পৌঁছতেই কনভয়ের সামনের পুলিশের গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারায়। এরপর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পেছনে সজোরে ধাক্কা মারে সেটি। সংঘর্ষের জেরে পাইলট গাড়িটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন:
এই দুর্ঘটনায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক এবং এক কনস্টেবল আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সেখানে পৌঁছন বীরবাহা হাঁসদা। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী পুলক রায় এবং উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য নেতারা।
আহতদের খোঁজখবর নেওয়ার পর ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। উল্লেখ্য, বীরবাহা হাঁসদা ঝাড়খণ্ডি আন্দোলনের বিশিষ্ট নেতা ও প্রাক্তন বিধায়ক নরেন হাঁসদা এবং প্রাক্তন বিধায়ক চুনীবালা হাঁসদার কন্যা। তাঁর মা দীর্ঘদিন ঝাড়খণ্ড পার্টির সঙ্গে যুক্ত থেকে রাজনৈতিক লড়াই চালিয়েছেন এবং ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের বিনপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে বীরবাহা তৃণমূলে যোগ দেন। সেই সময় মেয়ের সমর্থনে ঝাড়গ্রাম কেন্দ্রে নিজে প্রার্থী না দিয়ে রাজনৈতিক সমর্থন জানান চুনীবালা হাঁসদা। এবারের নির্বাচনে কেন্দ্র বদলে বিনপুর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন বীরবাহা, এবং জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি।