পুবের কলম, ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলায় প্রায় ৫,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত 'অল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর'-এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারে এই অত্যাধুনিক ‘গ্রীনফিল্ড’ বিমানবন্দরটি উদ্বোধনের ফলে রাজ্যের উত্তর উপকূলীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার যেমন অভূতপূর্ব উন্নতি ঘটবে, তেমনই সার্বিক অর্থনৈতিক পরিকাঠামোয় নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। জিএমআর গ্রুপ-এর উদ্যোগে নির্মিত এই বিমানবন্দর থেকে আগামী ১৭ আগস্ট থেকে বাণিজ্যিক বিমান চলাচল শুরু হবে। প্রাথমিক পর্যায়ে এই বিমানবন্দরের বার্ষিক যাত্রী পরিবহন ক্ষমতা ৬০ লাখ থাকলেও, ভবিষ্যতের বিভিন্ন ধাপে তা বাড়িয়ে ৪০ মিলিয়নে (৪ কোটি) নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উত্তর প্রদেশের জেওয়ার বিমানবন্দরের পর এটি চলতি বছর ভারতের দ্বিতীয় গ্রীনফিল্ড বিমানবন্দর হিসেবে বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত হতে চলেছে। অন্ধ্রপ্রদেশ সরকার এই প্রকল্পটিকে একটি প্রধান পরিকাঠামোগত স্তম্ভ হিসেবে চিহ্নিত করেছে, যা সমগ্র উত্তর অন্ধ্র অঞ্চলজুড়ে শিল্প উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, রফতানি বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের অধীনে 'ডিজাইন, বিল্ড, ফাইনান্স, অপারেট অ্যান্ড ট্রান্সফার' কাঠামো ব্যবহার করে জিএমআর বিশাখাপত্তনম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড মোট ২,২০০ একর জমির ওপর বিমানবন্দরটি তৈরি করেছে।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে. রামমোহন নাইডু প্রধানমন্ত্রীকে এই প্রকল্পের বিভিন্ন বিশেষত্ব সম্পর্কে অবহিত করেন। বিমানবন্দর উদ্বোধনের পাশাপাশি এদিন অন্ধ্রপ্রদেশের জন্য প্রায় ১৮,০০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি।