ছাত্র-যুব আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা ও পুলিশি পদক্ষেপের অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, ভয় দেখিয়ে বা মামলা করে দেশের তরুণ প্রজন্মকে চুপ করানো যাবে না।

শুক্রবার এক্স-এ দেওয়া এক পোস্টে রাহুল লেখেন, “প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহ, ভয় দেখিয়ে জেন জিকে থামাতে পারবেন না। প্রথমে তাঁদের ওপর লাঠিচার্জ হয়েছে, এখন তাঁদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হচ্ছে।

আপনারা এখন ভারতের অতীত। ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে কেমন আচরণ করছেন, সে বিষয়ে সতর্ক হোন।”

২৩ জুলাই দিল্লির যন্তর মন্তরে প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনের সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ২৫ বছরের এক তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করে দিল্লি পুলিশ। গাজিয়াবাদের এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে প্রথমে ‘জিরো এফআইআর’ নথিভুক্ত হয়, পরে সেটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তর করা হয়।

ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এবং পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনকারী সংগঠন সিজেপিও কেন্দ্রের সমালোচনা করেছে। সংগঠনের মুখপাত্র সৌরভ দাস বলেন, আপত্তিকর ভাষা সমর্থনযোগ্য নয়, তবে এমন ঘটনায় ফৌজদারি মামলা করা বাকস্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাঁর দাবি, মানহানির মামলা হতে পারে, কিন্তু ফৌজদারি মামলা করে তরুণদের হয়রানি করা উচিত নয়।
এদিকে অভিযুক্ত তরুণীর পরিবার জানিয়েছে, তিনি ঘটনার জন্য ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন এবং দুঃখপ্রকাশ করেছেন।