মধ্যপ্রাচ্য ও ইউরোপে ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জের মধ্যে সামরিক সম্পদের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্ব। মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড (ইউকম)-এর প্রধান পেন্টাগনের কাছে পাঠানো এক লিখিত বার্তায় জরুরি ভিত্তিতে আরও একটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ মোতায়েনের অনুরোধ জানিয়েছেন।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে একাধিক অজ্ঞাতনামা কর্মকর্তার বরাতে বলা হয়েছে, অতিরিক্ত যুদ্ধজাহাজ না পেলে ইউকম প্রধানকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে—ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করবেন, নাকি যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডের নিরাপত্তাকে অগ্রাধিকার দেবেন। বর্তমান সামরিক সক্ষমতা দিয়ে একযোগে দুই দায়িত্ব কার্যকরভাবে পালন করা সম্ভব নয় বলেই তিনি সতর্ক করেছেন।

ইউরোপীয় কমান্ড মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করে। সেখানে মোতায়েন মার্কিন ডেস্ট্রয়ারগুলোর অন্যতম প্রধান দায়িত্ব হলো ইরান ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলে পৌঁছানোর আগেই প্রতিহত করা।

প্রতিবেদন অনুযায়ী, স্পেনের রোটা নৌঘাঁটিতে থাকা ইউকমের পাঁচটি ডেস্ট্রয়ারের মধ্যে গত শুক্রবার পর্যন্ত দুটি ভূমধ্যসাগরে মোতায়েন ছিল। একই সঙ্গে এই কমান্ডের ওপর ন্যাটোভুক্ত অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, রাশিয়ার সম্ভাব্য সামরিক আগ্রাসন মোকাবিলা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত রাখার গুরুত্বপূর্ণ দায়িত্বও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে একই সময়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় মার্কিন সামরিক সম্পদের ওপর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে একাধিক ফ্রন্টে সমানভাবে প্রতিরক্ষা বজায় রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

এ বিষয়ে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইউরোপীয় কমান্ডও গণমাধ্যমের প্রশ্নের জবাব দেয়নি। একইভাবে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।