মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েতের আকাশসীমায় প্রবেশ করা ইরানের একাধিক ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার ভোরে এই হামলার চেষ্টা হয় বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ড্রোনগুলো ধ্বংস হওয়ার পর সেগুলোর ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় পড়ে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সৌদ আব্দুলআজিজ আল-ওতাইবি জানান, আকাশ প্রতিরক্ষা ইউনিট ভোর থেকেই শত্রুপক্ষের ড্রোন শনাক্ত করে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়।

লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই একের পর এক ড্রোন আকাশেই ধ্বংস করা হয়।
কর্তৃপক্ষের দাবি, হামলায় কুয়েতের উত্তরাঞ্চলের একটি সরকারি স্থাপনা এবং বুবিয়ান দ্বীপে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তিকে লক্ষ্য করা হয়েছিল। তবে আকাশেই ড্রোন ধ্বংস হয়ে যাওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি স্থানে সীমিত ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কুয়েতের জেনারেল স্টাফ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা যে বিস্ফোরণের শব্দ শুনেছেন, তা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন ধ্বংস করার সময় সৃষ্টি হয়েছে।

ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক সংঘাতের আবহে কুয়েতের নিরাপত্তা বাহিনী পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে নাগরিকদের অযথা আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলা এবং পরবর্তী সরকারি ঘোষণার প্রতি নজর রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।