পুবের কলম, ওয়েবডেস্ক: রাম মন্দিরের অর্থ নয়ছয়ের অভিযোগে সংসদ চত্বরে ‘পথনাটক’ বা থিয়েটারের কায়দায় প্রতিবাদ জানিয়ে আইনি বিপাকে পড়লেন পূর্ণিয়ার স্বতন্ত্র সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব। সংসদের ভেতর বিতর্কিত বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তাঁর বিরুদ্ধে জাহাঙ্গীরপুরী থানায় লিখিত পুলিশি অভিযোগ দায়ের করেছেন সূর্য মৈথিল নামের এক আবেদনকারী।

শুক্রবার সংসদের মকর দ্বারের সামনে বিরোধীদের মহা-জোট ‘ইন্ডিয়া’র একাধিক শীর্ষ নেতার উপস্থিতিতে এই ব্যতিক্রমী প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এক সংবাদসংস্থাকে অভিযোগকারী সূর্য মৈথিল জানান, “পাপ্পু যাদব গেরুয়া পোশাক এবং ধর্মীয় প্রতীককে অপমান করেছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, ডিম্পল যাদব, অবধেশ প্রসাদসহ ইন্ডিয়া জোটের অন্যান্য সাংসদরা এই নাটকে মদত দিয়েছেন।

সেখানে পাপ্পু যাদব ভগবান রামলালা বিরাজমানের ছবিকে নিজের পায়ের নিচে রেখে অবমাননা করেছেন, যা কোটি কোটি সনাতনীর অনুভূতিতে আঘাত হেনেছে।”

শুক্রবার সংসদ চত্বর পরিণত হয়েছিল এক অভিনব নাট্যমঞ্চে। রাম মন্দির ট্রাস্টের অনুদানের টাকা “চুরি” ও অনিয়মের অভিযোগ তুলে সরকারপক্ষের বিরুদ্ধে সরব হন বিরোধী সাংসদরা। 'চাঁদা চোর, গদি ছোড়', 'জবাব তুমকো দেনা হোগা' এবং 'অমিত শাহ, সদন মেঁ আও!'—এমন সব স্লোগানে উত্তাল হয়ে ওঠে চত্বর।

বিক্ষোভ চলাকালীন পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব গেরুয়া বস্ত্র পরিধান করে মন্দিরের পুরোহিতের ছদ্মবেশ ধারণ করেন। তাঁর হাতে ছিল ভগবান শ্রী রামের ছবি। একটি ‘নুক্কড় নাটক’ বা পথনাটকের মতো করে সাজানো দৃশ্যশ্রাব্যে রাহুল গান্ধীসহ বিরোধী দলের অন্যান্য সাংসদরা ভক্তের চরিত্রে অভিনয় করে দান বাক্সে টাকা দিতে এগিয়ে আসেন। অভিযোগ, পাপ্পু যাদব পুরোহিতের ভূমিকায় অভিনয় করে সেই অনুদানের টাকা দান বাক্সে না ফেলে চতুরতার সঙ্গে নিজের পকেটে ভরে নেন। এর পরেই সমাজবাদী পার্টির এক সাংসদ ‘ভক্ত’ সেজে পুরোহিত রূপী পাপ্পু যাদবকে এই “অসাধু” কাজের জন্য চেপে ধরেন।