নয়াদিল্লি, ৬ জানুয়ারি: লোকসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি। তবে বিরোধী ‘ইন্ডিয়া’ যেন অনেকটাই নিস্তেজ। এরই মাঝে কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, তারা দেশে ২৫৫টি আসনে একাই লড়বে। বাকিগুলিতে সমঝোতা হবে ‘ইন্ডিয়া’র মধ্যে।
মোদি-বিরোধী লড়াইয়ে আগেই এভাবে রণে ভঙ্গ দিচ্ছে কংগ্রেস, মনে করছে রাজনৈতিক মহল। তবে কংগ্রেস সভাপতি খাড়গে শনিবার জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। ‘ইন্ডিয়া’র নেতারা ১০-১৫ দিনের মধ্যেই বিরোধী শিবিরে কে কোন পদ অধিকার করবে তা ঠিক করবেন। আসনরফার ব্যাপারটিও জানুয়ারিতেই ফায়সালা হয়ে যাবে বলে তিনি সাংবাদিকদের সামনে জানান।আরও পড়ুন:
এদিকে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিকদের সঙ্গে কংগ্রেস রবিবার থেকে রাজ্যে রাজ্যে আসন ভাগাভাগি নিয়ে আনুষ্ঠানিক কথাবার্তা শুরু করতে চলেছে। দিল্লি নিয়ে আম আদমি পার্টির সঙ্গে আলোচনায় বসার কথা কংগ্রেস ওয়ার্কিং কমিটির তৈরি করে দেওয়া ‘ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি’র (এনএসি)। দিল্লি ছাড়া বিহার নিয়েও আলোচনা করবে এই কমিটি। কমিটির সদস্যরা কথা বলবেন জেডিইউ, আরজেডি ও সিপিআইয়ের (এমএল) প্রতিনিধিদের সঙ্গে। যে দুই রাজ্য নিয়ে জটিলতা সবচেয়ে বেশি, সে দুটি হল পশ্চিমবঙ্গ ও পঞ্জাব। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও পাঞ্জাবে আপ নেতৃত্বের মতো ওই দুই রাজ্যে কংগ্রেসের নেতাদের মধ্যেও আসন সমঝোতা নিয়ে মতভেদ ও বিরোধিতা প্রবল।