কিবরিয়া আনসারী: আগামীকাল মুর্শিদাবাদে প্রবেশ করবে কংগ্রেসের 'ন্যায় যাত্রা'। একাধিক কর্মসূচী নিয়ে জেলায় পা দেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তাঁর জেলায় আসার আগের দিনই ফের 'ইন্ডিয়া' জোটের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন ভাগাভাগি নিয়ে মমতা বলেন, "ভেবেছিলাম সবাই দেশের স্বার্থে লড়াই করবে। কিন্তু জোটের নেতারা বিজেপিকেই সুবিধা করে দিতে চাইছে।
মালদায় ২টো আসন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সঙ্গে সঙ্গে তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। মালদায় বাম-কংগ্রেসের একটি বিধায়কও নেই। তারপরও বেশি আসন চেয়ে বসছে।"আরও পড়ুন:
বুধবার মুর্শিদাবাদে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, "আমি আসন ছেড়ে দেবো আর তারা হেরে বিজেপিকে সুবিধা করে দেবে।" বাংলায় সবকটি আসনে তৃণমূল একাই লড়বে বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম-কে আক্রমণ করে তিনি বলেন, "বিজেপির প্রধান দালাল সিপিআইএম। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সুসম্পর্ক ছিল। শুধুমাত্র বামেদের জন্য কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে।"