নয়াদিল্লি, ৩ ডিসেম্বর: চার রাজ্যের বিধানসভা নির্বাচনের আশানুরূপ ফল হয়নি কংগ্রেসের। রবিবারের নির্বাচনী ফলাফলে দেখা গিয়েছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। তবে তেলাঙ্গানায় ক্ষমতা দখলের দৌড়ে এগিয়ে রয়েছে হাত শিবির। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এই নির্বাচনকে 'সেমিফাইনাল' হিসেবে দেখছিল 'ইন্ডিয়া' জোট।
বিকেল পর্যন্ত নির্বাচনী ফলে একপ্রকার ব্যর্থ হয়েছে কংগ্রেস। এই সবের মাঝেই এবার দিল্লিতে 'ইন্ডিয়া' জোটের পরবর্তী বৈঠকের ডাকলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবার বিরোধী নেতাদের ফোন করে দিল্লির বৈঠকের জন্য আহ্বান জানাতে শুরু করেন কংগ্রেস সভাপতি।আরও পড়ুন:
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস।
এই আবহে আসন বণ্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখনও আলোচনাই হয়নি দলগুলির মধ্যে। এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেসের বর্তমান অবস্থা অনুযায়ী অন্যান্য বিরোধী দলের সাহায্য ছাড়া মোদীকে হটানো প্রায় অসম্ভব হবে। তাই ২০২৩ সালের শেষ লগ্নে এসে আরও তৎপর হয়ে ২৪-এর অঙ্ক কষতে শুরু করল হাত শিবির।