নাজির হাসেন লস্কর : দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের কাজ। এই প্রক্রিয়ার প্রথম ধাপে ১৫ দিন সময়সীমার মধ্যে নাগরিকরা সরাসরি তাঁদের স্ব-শুমারে অংশগ্রহণ করতে পারবেন। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে এই স্ব-গণনা প্রক্রিয়ায় সামিল করার জন্য নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে জেলা সদর দপ্তর আলিপুরের ট্রেজারি বিল্ডিংয়ের নিচতলায় একটি বিশেষ সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।
আরও পড়ুন:
সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার ফিতে কেটে সেলফ এনুমারেশন ডেমোনস্ট্রেশন সেন্টার-কাম-হেল্প ডেস্ক-এর উদ্বোধন করেন জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অবিনীত পুনিয়া, সাদ্দাম সাভাস, তামিল ওভিয়া, জনগণনা শাখার ভারপ্রাপ্ত আধিকারিক হালদার এবং জেলা প্রশাসনের অন্যান্য পদস্থ আধিকারিকরা। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই জেলাশাসক সেন্সাস সচেতনতা ট্যাবলোরও সূচনা করেন। এই ট্যাবলোটি জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে জনগণনা ২০২৭ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলবে এবং স্ব-গণনা প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানাবে।
আরও পড়ুন:
জেলাশাসক জানিয়েছেন, শনিবার থেকে শুরু হওয়া এই স্ব-গণনা পর্ব আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে নাগরিকরা যাতে অত্যন্ত সহজে এবং নির্ভুলভাবে স্ব-গণনার প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই সহায়তা কেন্দ্রটি চালু করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, এই কেন্দ্রে সাধারণ মানুষ স্ব-গণনার পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রদর্শনের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। পাশাপাশি স্ব-গণনা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং কারিগরি সহায়তাও সেখানে প্রদান করা হবে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে অধিক সংখ্যক নাগরিক জনগণনা ২০২৭ প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন এবং এই জাতীয় কর্মসূচিকে সফল করতে সহযোগিতা করবেন বলে আধিকারিকরা আশাবাদী।