রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি রেস্তোরাঁর সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় কুদ্রিনস্কায়া স্কয়ার এলাকায় এ বিস্ফোরণের পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটের দিকে কুদ্রিনস্কায়া স্কয়ারের একটি ভবনের সামনে বিস্ফোরণটি ঘটে।

রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তির প্রতিবেদনে ন্যাশনাল অ্যান্টি-টেররিজম কমিটির বরাত দিয়ে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন রেস্তোরাঁর এক নিরাপত্তারক্ষী, এক গ্রাহক এবং বিস্ফোরক বহনের সন্দেহে থাকা এক নারী।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই নারী একটি তাৎক্ষণিকভাবে তৈরি বিস্ফোরক (আইইডি) বহন করছিলেন। তিনি রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করার সময়ই বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং অন্তত ২১ জন আহত হন।

এখনও সন্দেহভাজন ওই নারীর পরিচয় প্রকাশ করেনি রুশ কর্তৃপক্ষ। বিস্ফোরণটি দুর্ঘটনাবশত ঘটেছে, নাকি এটি পরিকল্পিত হামলা ছিল—সেই বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে রুশ নিরাপত্তা সংস্থাগুলো।