সংসদ চত্বরে রাম মন্দিরের প্রণামী চুরির অভিযোগকে কেন্দ্র করে নাটক মঞ্চস্থ করার জেরে বিহারের পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। দিল্লির জাহাঙ্গীরপুরী থানায় শনিবার সূর্য মৈথিলী নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, এই নাটকের মাধ্যমে সাধুসন্তদের অবমাননা করা হয়েছে এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।

শুক্রবার সংসদের মকর দ্বারের সামনে বিরোধী দলের কয়েকজন সাংসদকে নিয়ে এই প্রতীকী নাটক মঞ্চস্থ করেন পাপ্পু যাদব। নাটকে তাঁকে এক ভণ্ড সাধুর চরিত্রে দেখা যায়, যিনি ভগবানের নামে সাংসদদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে শেষ পর্যন্ত প্রণামির বাক্স নিয়ে পালিয়ে যান।

নাটকে অযোধ্যার সাংসদ অবধেশ প্রসাদও অংশ নেন। বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও সংক্ষিপ্ত সময়ের জন্য সেখানে উপস্থিত থাকতে দেখা যায়। এ সময় বিরোধী সাংসদরা বিভিন্ন ব্যানার হাতে স্লোগান দেন, “রাম রাম জপিয়ো রে, সব মাল হড়পিয়ো রে।”

অভিযোগকারীর দাবি, নাটক চলাকালীন অযোধ্যার রামলালার ছবি মাটিতে পাপ্পু যাদবের পায়ের কাছে রাখা হয়েছিল। পাশাপাশি গেরুয়া পোশাক পরে মন্দিরের অনুদান চুরির দৃশ্য উপস্থাপন করাকে তিনি সাধুসন্তদের অসম্মান এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত হিসেবে উল্লেখ করেছেন।

সেই কারণেই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, পাপ্পু যাদব ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহারের পূর্ণিয়া কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হন। তিনি দীর্ঘদিন ধরে বিহারের রাজনীতিতে পরিচিত মুখ। অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি একাধিক বিতর্কিত ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছে। বর্তমানে এই ঘটনায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।