পুবের কলম ওয়েব ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করার অভিযোগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খাসতালুক বারাণসীতে। রাহুল ছাড়াও এই অভিযোগের তির পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব এবং সাংসদ অবধেশ প্রসাদের দিকে। বারাণসীর সাধু-সন্ত এবং আইনজীবীদের একটি যৌথ দল পুলিশে এই অভিযোগ দায়ের করেছে।
আরও পড়ুন:
বারাণসীর কাশী জোনের ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, সাধু-সন্তদের দায়ের করা ওই অভিযোগের ভিত্তিতেই উল্লেখিত তিন সাংসদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯, ৩০২ এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ধারাগুলি মূলত ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অপরাধের সঙ্গে যুক্ত।
তবে শুধুমাত্র বারাণসীতেই নয়, রাহুল গান্ধী, পাপ্পু যাদব, অবধেশ প্রসাদ, ডিম্পল যাদব এবং ধর্মেন্দ্র যাদবদের বিরুদ্ধে দেশের আরও একাধিক থানাতেও একই অভিযোগে মামলা দায়ের হয়েছে।আরও পড়ুন:
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত শুক্রবার। সমাজবাদী পার্টির নেতৃত্বে ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা রামমন্দিরের অনুদান চুরির অভিযোগ তুলে মকরদ্বারের সামনে একটি প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন। সেখানে ‘চাঁদা চোর, গদি ছাড়ো’ স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব সাধুর ছদ্মবেশে গেরুয়া বস্ত্র, রুদ্রাক্ষ ও তিলক ধারণ করে সেখানে উপস্থিত হন।
তাঁর হাতে ছিল রামলালার একটি ছবি। পথনাটিকার আদলে চলা ওই প্রতিবাদে রাহুল গান্ধী, ডিম্পল যাদবরা যখন একটি প্রতীকী দানপাত্রে টাকা রাখছিলেন, ঠিক সেই সময় পাপ্পু যাদব রাহুলের হাত থেকে টাকা ছিনিয়ে নিজের পকেটে পুরে নেন। অভিযোগ, এই নাটিকা চলাকালীনই পাপ্পুর হাত থেকে রামলালার ছবি মাটিতে পড়ে যায় এবং তাঁর পায়েও লাগে।আরও পড়ুন:
রামের পবিত্র ছবি মাটিতে ফেলে দেওয়া এবং সাধুর বেশ ধারণ করে এই ধরনের চটুল আচরণ হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগকে চরমভাবে আহত করেছে বলে অভিযোগকারীদের দাবি। পুলিশ সূত্রে খবর, দেশের বিভিন্ন থানা ইতিমধ্যেই এই সংক্রান্ত অভিযোগগুলি গ্রহণ করেছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী কোনও কড়া আইনি পদক্ষেপ নেওয়ার আগে পুলিশের তরফে বিশেষজ্ঞদের আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।