পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে সন্ত্রাসমূলক কার্যকলাপ রুখতে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা আরও সুদৃঢ় করতে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট কিংবা দিল্লি পুলিশের মডেলে এ রাজ্যেও একটি নিজস্ব ‘অ্যান্টি টেররিস্ট স্কোয়াড’ বা এটিএস গঠন করার পরিকল্পনা চলছে। এর পাশাপাশি, বর্তমানে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের যে দু’টি পৃথক স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রয়েছে, সেগুলিকে সংযুক্ত করে গোটা রাজ্যের জন্য একটিমাত্র এসটিএফ গঠন করার প্রাথমিক খসড়াও প্রশাসনের শীর্ষস্তরে প্রস্তুত করা হয়েছে বলে খবর।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এসটিএফের জালে ধরা পড়েছে সন্দেহভাজন জঙ্গি হামিম মণ্ডল এবং তার বান্ধবী অর্পিতা সরকার। তদন্তকারীদের কাছে তথ্য রয়েছে যে, পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতে রাজ্যে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ, আইএস, আকিস এবং লস্কর-ই-তইবার মতো ভয়ংকর জঙ্গি সংগঠনগুলি গোপনে নিজেদের স্লিপার সেল ও মডিউল তৈরি করছে।

সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন খারিজি মাদ্রাসাকে হাতিয়ার করে তরুণ প্রজন্মের মগজধোলাই করা হচ্ছে এবং রাজ্যের ভিভিআইপিদের টার্গেট করে নাশকতার ছক কষা হচ্ছে।  ভবিষ্যতের সম্ভাব্য এই বিপদগুলি সমূলে বিনাশ করতেই একটি সুসংগঠিত এটিএস গঠনের তীব্র প্রয়োজনীয়তা অনুভব করছে রাজ্য প্রশাসন।

নবান্ন সূত্রে খবর, প্রস্তাবিত এই নতুন এটিএস দপ্তরের শীর্ষে থাকবেন একজন আইজি পদমর্যাদার পুলিশ আধিকারিক। তাঁর অধীনে কাজ করবেন ডিআইজি, এসপি-সহ অন্যান্য পদমর্যাদার দক্ষ অফিসাররা। রাজ্য ও কলকাতা পুলিশের যে আধিকারিকরা ইতিপূর্বে জঙ্গি দমনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন, তাঁদেরই বেছে বেছে এই নতুন স্কোয়াডে নিয়োগ করা হতে পারে। এটিএসের প্রধান কার্যালয় কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে গড়ে তোলার সম্ভাবনা থাকলেও, রাজ্যের স্পর্শকাতর জেলাগুলিতে এর বিশেষ শাখা খোলা হবে।