ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার সুজিত সিনহা পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে জামতারা সীমান্তের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, এক জেল থেকে অন্য জেলে স্থানান্তরের সময় নিরাপত্তারক্ষীর রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা করে সুজিত। এরপর পুলিশের ওপর গুলি চালালে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, সাহিবগঞ্জ ডিভিশনাল জেল থেকে ধানবাদ জেলে নিয়ে যাওয়ার পথে শৌচকর্মের অজুহাতে গাড়ি থামাতে বলে সুজিত। গাড়ি থামার পরই এক নিরাপত্তারক্ষীর রাইফেল ছিনিয়ে নিয়ে সে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পাল্টা গুলি চালায় পুলিশ।

ঝাড়খণ্ডজুড়ে দীর্ঘদিন ধরেই অপরাধ জগতের পরিচিত নাম ছিল সুজিত সিনহা। জোড়া খুনের মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।

এছাড়াও খুন, তোলাবাজি, অস্ত্র আইনে একাধিক মামলা চলছিল তার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, এর আগে মেদিনীনগর সেন্ট্রাল জেলে থাকাকালীন জেলের ভেতর থেকেই অপরাধচক্র পরিচালনার অভিযোগ ওঠায় তাকে সাহিবগঞ্জ জেলে স্থানান্তর করা হয়েছিল।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে ঝাড়খণ্ড পুলিশ। কীভাবে রাইফেল ছিনিয়ে নেওয়া হলো এবং ঠিক কোন পরিস্থিতিতে গুলির লড়াইয়ের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।