পুবের কলম ওয়েব ডেস্ক: দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় প্রশাসনিক স্তরে ঘটল একটি বড়সড় রদবদল। ভারতীয় নৌসেনা এবং বিমান বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই শীর্ষ পদে নিযুক্ত হলেন নতুন আধিকারিকরা। নৌবাহিনীর নতুন ডেপুটি চিফ অফ নাভাল স্টাফ বা উপ-প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ। অন্যদিকে, ভারতীয় বায়ুসেনার ডেপুটি চিফ অফ দ্য এয়ার স্টাফ পদে নিযুক্ত হয়েছেন এয়ার মার্শাল তেজপাল সিং।
আরও পড়ুন:
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ বিদায়ী নৌসেনা উপ-প্রধান ভাইস অ্যাডমিরাল তরুণ সোবতীর স্থলাভিষিক্ত হলেন। তরুণ সোবতী গত ৩১জুলাই তাঁর দীর্ঘ কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। তাঁর অবসরের পরই নৌসেনার এই শূন্য পদটিতে এএন প্রমোদকে নিযুক্ত করা হল। দীর্ঘ কর্মজীবনে ভারতীয় নৌসেনার বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।
তিনি ‘অপারেশন বিজয়’ এবং ‘অপারেশন পরাক্রম’-এ অংশ নিয়েছিলেন। এ ছাড়াও ‘অপারেশন সিঁদুর’ এবং গালওয়ান ঘটনার সময়ে ‘অপারেশন স্নো লেপার্ড’-এর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।পাশাপাশি, গত ১ অগস্ট থেকে বায়ুসেনার নয়া উপ-প্রধান হিসেবে নিজের দায়িত্ব বুঝে নিয়েছেন এয়ার মার্শাল তেজপাল সিং। নতুন পদের কার্যভার গ্রহণ করার দিনই তিনি দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে উপস্থিত হয়ে দেশের বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।আরও পড়ুন:
এয়ার মার্শাল তেজপাল সিংয়ের বর্ণময় কর্মজীবন ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত গর্বের। ১৯৯০ সালের ১৬ জুন তিনি একজন ফাইটার পাইলট হিসেবে ভারতীয় বায়ুসেনায় যোগদান করেছিলেন। তিন দশকেরও বেশি সময়ের সুদীর্ঘ ক্যারিয়ারে তাঁর ঝুলিতে রয়েছে ৩৫০০ ঘণ্টারও বেশি সময় ধরে বিমান ওড়ানোর অনন্য নজির। দেশ সেবায় তাঁর এই অসামান্য দক্ষতা ও নিরলস অবদানের স্বীকৃতি হিসেবে ২০১১ সালের জানুয়ারি মাসে তাঁকে 'বায়ুসেনা মেডেল' প্রদান করা হয়। পরবর্তীতে, ২০২১ সালে তিনি সম্মাননীয় 'অতি বিশিষ্ট সেবা মেডেল'-এ ভূষিত হন। নতুন দুই আধিকারিকের এই পদক্ষেপে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।