পুবের কলম ওয়েব ডেস্ক: বাড়ি তৈরির সময় রাস্তার উপর ইট, বালি, পাথরের মতো নির্মাণসামগ্রী ফেলে রাখলে এবার থেকে কড়া জরিমানার মুখে পড়তে হবে সাধারণ মানুষকে। আগামী ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যজুড়ে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে বলে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার শিলিগুড়ি পুরনিগমের একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কড়া বার্তা দেন। মন্ত্রী স্পষ্ট জানান, বাড়ি নির্মাণের সামগ্রী রাস্তার বদলে নিজস্ব সীমানার ভিতরেই রাখতে হবে, কারণ রাস্তা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।
আরও পড়ুন:
শুধু রাস্তার উপর নির্মাণসামগ্রী রাখাই নয়, ফাঁকা জমি অপরিষ্কার ফেলে রাখার বিষয়েও এদিন কড়া অবস্থান নেন মন্ত্রী। তিনি জানান, অনেকেই জমি কিনে তা দীর্ঘদিন ফেলে রাখেন। সেই জমিতে গজিয়ে ওঠা ঝোপঝাড় বা জমে থাকা জল থেকে ডেঙ্গির মতো মশাবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে। এবার থেকে ফাঁকা জমি পরিষ্কার রাখার সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট জমির মালিককেই নিতে হবে।
নিজের বাড়ির চারপাশ বা বাগান পরিষ্কার রাখার মতোই ফেলে রাখা জমিও পরিচ্ছন্ন রাখাটা মালিকের কর্তব্যের মধ্যে পড়ে বলে তিনি মন্তব্য করেন।আরও পড়ুন:
এর পাশাপাশি বেআইনি পার্কিং এবং ফুটপাথ জবরদখল নিয়েও এদিন কড়া হুঁশিয়ারি দেন পুরমন্ত্রী। তিনি জানান, নির্দিষ্ট জায়গার বাইরে যত্রতত্র বা ফুটপাথের উপর গাড়ি ও বাইক পার্কিং করলে এবার থেকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। পার্কিং ব্যবস্থার উন্নতিতে রাজ্য সরকারের তরফে খুব শীঘ্রই একটি নতুন অ্যাপ চালু করা হচ্ছে বলেও তিনি ঘোষণা করেন। অন্যদিকে, হকারদের উদ্দেশে ফুটপাথ দখলমুক্ত করার বার্তা দিয়ে তিনি বলেন, পথচারীদের যাতায়াতের জন্য হাঁটার জায়গা ফাঁকা রেখে হকারদের পিছনের দিকে বসতে হবে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষণা অনুযায়ী, আসন্ন দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কোথাও কোনও হকার উচ্ছেদ করা হবে না বলেও তিনি এদিন পুনরায় স্পষ্ট করে দিয়েছেন।