পুবের কলম ওয়েব ডেস্ক: ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার ক্রমবর্ধমান প্রভাবের যুগে প্রিন্ট মিডিয়া বা সংবাদপত্রের বিশ্বাসযোগ্যতা, প্রাসঙ্গিকতা এবং কার্যকারিতা পুনরায় প্রমাণ করতে দেশব্যাপী এক নতুন প্রচার অভিযান শুরু করল দ্য ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটি (আই এন এস)। এই বিশেষ প্রচারের নাম দেওয়া হয়েছে ‘ইঙ্ক ডাজন্ট লাই’। এই উদ্যোগের অঙ্গ হিসেবে গত ২৭ জুলাই আইএনএস-এর সদস্যভুক্ত সমস্ত সংবাদপত্র ও প্রকাশনা জুড়ে একযোগে একটি সাধারণ বিজ্ঞাপন প্রকাশ করা হয়।

সঠিক এবং যাচাই করা খবরের বিশ্বস্ত মাধ্যম হিসেবে সংবাদপত্রের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরাই এই প্রচারের মূল লক্ষ্য। আইএনএস জানিয়েছে, ডিজিটাল মাধ্যমের রমরমার মাঝেও সঠিক তথ্য পরিবেশনের কারণে সংবাদপত্র আজও পাঠকদের আস্থার শীর্ষে রয়েছে। 

সমস্ত প্রকাশনায় একযোগে বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং নাগরিকদের সঠিক তথ্য সরবরাহে সংবাদপত্রের চিরস্থায়ী গুরুত্বের বার্তাটিই ঐক্যবদ্ধভাবে দেওয়া হয়েছে।

এই প্রচার অভিযান প্রমাণ করে যে, আধুনিক যুগে মানুষের খবর পড়ার মাধ্যম বা অভ্যাস বদলালেও পাঠকদের পূর্ণ আস্থা নিয়ে প্রিন্ট মিডিয়া এখনও ভারতের সংবাদজগতের এক অন্যতম অপরিহার্য এবং শক্তিশালী স্তম্ভ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।