মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত ছিটমহল সেউতায় পৌঁছানোর চেষ্টায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। রবিবার সেউতা প্রশাসন হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে। এর আগে নিহতের সংখ্যা ৬৭ জন বলে জানানো হয়েছিল।
আরও পড়ুন:
গত কয়েক দিনে ভূমধ্যসাগর পেরিয়ে প্রায় ৬০ হাজার অভিবাসনপ্রত্যাশী মরক্কো থেকে সেউতায় প্রবেশ করেন। স্পেনের মূল ভূখণ্ড থেকে জিব্রাল্টার প্রণালি দ্বারা বিচ্ছিন্ন এই ছিটমহলটি মরক্কোর সীমান্তঘেঁষা হওয়ায় স্থল ও জল—উভয় পথেই সেখানে পৌঁছানো সম্ভব।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেন সরকার সেউতায় অতিরিক্ত সেনা মোতায়েন করলে অনেক অভিবাসী আবার মরক্কোতে ফিরে যেতে শুরু করেন। বেসামরিক কর্তৃপক্ষও বাসে করে বহু অভিবাসীকে সীমান্ত পর্যন্ত পৌঁছে দিচ্ছে।
আরও পড়ুন:
তবে এখনও বহু মানুষ সেউতায় আটকে রয়েছেন। পরিত্যক্ত ভবন ও খোলা জায়গায় আশ্রয় নেওয়ার পাশাপাশি অনেককে ফুটপাতেই রাত কাটাতে দেখা গেছে। সেউতার একটি ফুটপাতে ৪১ বছর বয়সী আজিজ দাবচ নামের এক অভিবাসী জানান, সেখানে অবস্থানরত প্রায় সবাই স্পেনের মূল ভূখণ্ডে পৌঁছানোর আশা করছেন।
নতুন করে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে সেউতায় সাঁজোয়া যানসহ সেনা মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজন অভিবাসীকে আটক করেছে। একই সঙ্গে ভূমধ্যসাগরে ছোট নৌযানে টহল জোরদার করেছে উদ্ধারকারী দল এবং উপকূলজুড়ে প্রায় ১ হাজার ৬৪০ ফুট দীর্ঘ ভাসমান প্রতিবন্ধকও স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন:
এদিকে সেউতায় বিপুলসংখ্যক অভিবাসীর প্রবেশ স্পেনের জন্য নতুন কূটনৈতিক ও মানবিক সংকট তৈরি করেছে। বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন নেতা স্পেনের অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।