পুবের কলম ওয়েব ডেস্ক: রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে এই বর্ষার বৃষ্টি অব্যাহত থাকবে। সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সতর্কতা থাকলেও, মঙ্গলবার থেকে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
আরও পড়ুন:
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ এই সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতি বিবেচনা করে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবারের জন্য সেখানে কোনও সতর্কতা নেই।
তবে মঙ্গল ও বুধবার সমগ্র দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।আরও পড়ুন:
শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। তবে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে আপাতত কোনও নিষেধাজ্ঞা বা সতর্কতা জারি করা হয়নি।
আরও পড়ুন:
অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী কয়েক দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, যার কারণে এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী বুধবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে। এছাড়া সোমবার কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শুক্রবার থেকে অর্থাৎ সপ্তাহান্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের পরিমাণ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।