পুবের কলম ওয়েব ডেস্ক: চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস সহ অন্যান্য আন্ডারগ্রাজুয়েট মেডিক্যাল কোর্সে ভর্তির জন্য অল ইন্ডিয়া কোটার প্রথম দফার কাউন্সেলিং শুরু হতে চলেছে আগামী ৪ আগস্ট থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ 'মেডিকেল কাউন্সেলিং কমিটি' (এমসিসি) প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ডিমড এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলির জন্য প্রথম দফার কাউন্সেলিং চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
আরও পড়ুন:
নির্বাচিত ছাত্রছাত্রীদের ২২ আগস্টের মধ্যে কলেজে যোগ দিতে হবে। এরপর দ্বিতীয় দফার কাউন্সেলিং ২৪ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর এবং তৃতীয় দফার কাউন্সেলিং ১০ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। খালি আসন পূরণের জন্য 'স্ট্রে ভ্যাকেন্সি' রাউন্ড চলবে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত, যেখানে যোগ দেওয়ার শেষ তারিখ ১০ অক্টোবর।
পরবর্তীতে খালি আসনের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া চালু থাকলেও নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়ে যাবে আগামী ৮ সেপ্টেম্বর থেকে।আরও পড়ুন:
অন্যদিকে রাজ্য কোটার আসনগুলির ক্ষেত্রে প্রথম দফার কাউন্সেলিং অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত, যেখানে শিক্ষার্থীদের ২৮ আগস্টের মধ্যে যোগ দিতে হবে। রাজ্য কোটার দ্বিতীয় দফা ৩১ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর, তৃতীয় দফা ১৬ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর এবং স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত হবে। প্রতিটি রাউন্ডের পর আসন বণ্টন প্রক্রিয়া সুচারু রাখতে এমসিসি এবং রাজ্য কাউন্সেলিং কর্তৃপক্ষ যোগ দেওয়া পরীক্ষার্থীদের তথ্য যাচাই করে দেখবে।
আরও পড়ুন:
পুরো প্রক্রিয়াটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার তাগিদে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থাকে শনিবার, রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনগুলিতেও কাজ চালিয়ে যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
সমগ্র ভর্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং পরীক্ষার্থীদের অনুকূল করতে একাধিক নিয়ম পরিবর্তন করেছে এমসিসি। এবার আসন আপগ্রেড করতে ইচ্ছুক পরীক্ষার্থীদের নতুন করে আর সশরীরে কলেজে গিয়ে ভর্তি সংক্রান্ত নিয়মকানুন সম্পন্ন করার প্রয়োজন পড়বে না। পরবর্তী রাউন্ডে অংশ নেওয়ার সময় তাঁদের আগের ভর্তি বজায় থাকবে।
আরও পড়ুন:
এর পাশাপাশি অনলাইন পদত্যাগের সুবিধাও চালু করা হয়েছে, অর্থাৎ উপযুক্ত নিয়ম ও সময়সীমা মেনে প্রার্থীরা পোর্টালের মাধ্যমেই নিজেদের আসন ত্যাগ করতে পারবেন, তার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হতে হবে না। এছাড়া ডিমড বিশ্ববিদ্যালয়গুলিতে এনআরআই সংরক্ষণের সুবিধা পেতে ইচ্ছুক পরীক্ষার্থীরা এবার কাউন্সেলিং পোর্টালেই সরাসরি তাঁদের নথিপত্র অনলাইনে আপলোড করতে পারবেন।