পুবের কলম, ওয়েবডেস্ক: গত ৩ মে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত নিট পরীক্ষার স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগে রাজস্থানের সিকার, ঝুনঝুনু এবং উত্তরাখণ্ডের দেরাদুন থেকে ১৩ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)। গ্রেফতার হওয়া ব্যক্তিদের ইতিমধ্যেই জয়পুরে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তাঁদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ‘দৈনিক ভাস্কর’-এর রিপোর্ট অনুযায়ী, এই চক্রের সাথে যুক্ত আরও অনেকের গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে।

অ্যাডিশনাল ডিজিপি বিশাল বনসল জানিয়েছেন, তদন্তে ৪০০টি প্রশ্নের একটি সেটের হদিশ পাওয়া গেছে যা পরীক্ষার কয়েকদিন আগেই ছড়িয়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে ১০০টিরও বেশি জীববিজ্ঞান এবং রসায়নের প্রশ্নের সঙ্গে মূল নিট পরীক্ষার প্রশ্নপত্রের "অস্বাভাবিক মিল" পাওয়া গেছে। বনসল যদিও একে একটি "গেজ পেপার" বা সাধারণ টেস্ট সিরিজ হিসেবে বর্ণনা করেছেন, তবে ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’র সূত্র অনুযায়ী, এর পেছনে বড় কোনও চক্রের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। রিপোর্ট বলছে, পরীক্ষা শুরুর প্রায় ৪২ ঘণ্টা আগেই এই বিশেষ প্রশ্নপত্রটি শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

অন্যদিকে, এনটিএ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছে যে, ৩ মে-র পরীক্ষা সম্পূর্ণ সুরক্ষা বলয়ের মধ্যে এবং স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে। এনটিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ মে রাতে তারা কিছু সন্দেহজনক ইনপুট পায়। পরদিন সকালে তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যাচাইয়ের জন্য পাঠানো হয়। তদন্তকারীদের সবরকম প্রযুক্তিগত তথ্য দিয়ে সহযোগিতা করছে এনটিএ।