পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের প্রশাসনিক প্রধান খোদ পাক মদতপুষ্ট জঙ্গিদের নিশানায়। দিন দুয়েক আগে বর্ধমান থেকে জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সদস্য হামিম মণ্ডলকে গ্রেফতার করার পরেই এই চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে রাজ্য পুলিশের এসটিএফ। এই খবর প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিশ্চিদ্র করতে তৎপর হয়েছে প্রশাসন। সুরক্ষার স্বার্থে দ্রুত তাঁর জন্য একটি অত্যাধুনিক বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় নিজের কাঁথির বাসভবন 'শান্তিকুঞ্জ' থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে সেই নতুন বুলেটপ্রুফ গাড়িতে চড়েই কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
শনিবার রাজ্য পুলিশের এসটিএফের আইজি গৌরব শর্মা একটি সাংবাদিক বৈঠক করে এই নাশকতার ষড়যন্ত্রের কথা বিস্তারিত জানিয়েছেন। এসটিএফের তদন্তে উঠে এসেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৈনন্দিন গতিবিধির খুঁটিনাটি নজরে রাখাই ছিল হামিমের মূল দায়িত্ব। মূলত মুখ্যমন্ত্রীর 'আনগার্ডেড লোকেশন' বা রক্ষীহীন মুহূর্তগুলিকে চিহ্নিত করে ষড়যন্ত্রের নিখুঁত ব্লু-প্রিন্ট তৈরি করাই ছিল এই জঙ্গির চূড়ান্ত লক্ষ্য।
আরও পড়ুন:
এই চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য সামনে আসার পরেই ১৬ নম্বর জাতীয় সড়কে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সাধারণত প্রতি সপ্তাহান্তে এই পথ দিয়েই কলকাতা থেকে কাঁথি যাতায়াত করেন এবং রবিবার ফিরে আসেন। জঙ্গিরা তাঁর যাতায়াতের পথের দুর্বলতা খুঁজছে, এই তথ্য জানার পরেই রাজ্যের মন্ত্রী অর্জুন সিং এবং অগ্নিমিত্রা পাল অবিলম্বে মুখ্যমন্ত্রীর জন্য বুলেটপ্রুফ গাড়ির দাবি জানিয়েছিলেন। এরপর রবিবার মুখ্যমন্ত্রীর জন্য সাদা রঙের একটি বুলেটপ্রুফ গাড়ি বরাদ্দ করা হয়। আপাতত এই গাড়িতেই তাঁর যাতায়াত সুনিশ্চিত করা হয়েছে।