পুবের কলম, ওয়েবডেস্ক: মহিলা কুস্তিগীরদের দায়ের করা বহুল আলোচিত যৌন হেনস্থার মামলায় ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এবং সহ-অভিযুক্ত বিনোদ তোমরকে বেকসুর খালাস দিল দিল্লির আদালত। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এই চূড়ান্ত রায় ঘোষণা করে। আদালতের রায়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি নেতা বলেন, আদালত তাঁকে সসম্মানে খালাস করেছে।

এদিন রায়ের পরপরই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিজভূষণ শরণ সিং জানান, "যেদিন আমার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছিল, সেদিনই আমি বলেছিলাম যদি অভিযোগ প্রমাণিত হয় তবে আমি স্বেচ্ছায় ফাঁসি কাঠে ঝুলব।

আজ আদালত আমাকে বেকসুর খালাস করেছে এবং রায়ে 'সসম্মানে খালাস' শব্দটি ব্যবহার করেছে। যা হওয়ার তা হয়ে গেছে।"

ভারতীয় ও আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা ছয়জন মহিলা কুস্তিগীর ব্রিজভূষণের বিরুদ্ধে তাঁর মেয়াদের সময়কালে যৌন নিপীড়ন ও হেনস্থার গুরুতর অভিযোগ এনেছিলেন। দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের দীর্ঘ প্রতিবাদের পর দিল্লি পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নামে এবং ২০২৩ সালের ১৫ জুন প্রায় ১,৫০০ পৃষ্ঠার একটি চার্জশিট আদালতে পেশ করে।

দীর্ঘ শুনানি শেষে গত ২ জুলাই রাউস অ্যাভিনিউ আদালত তাদের রায় স্থগিত রেখেছিল। সোমবার রায় ঘোষণা করল আদালত। এদিকে আদালতের রায়ের খবর পৌঁছাতেই ব্রিজভূষণের সমর্থকেরা উৎসবের আবহ তৈরি করেন। সমর্থকেরা বাজি ফাটিয়ে, ফুল ছিটিয়ে এবং 'জিন্দাবাদ' স্লোগান দিয়ে উল্লাসে মেতে ওঠেন।