গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী, তার স্বামী এবং গর্ভের সন্তান নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্যকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, বিস্ফোরণের তীব্রতায় অন্তঃসত্ত্বা নারীর গর্ভ থেকে শিশুটি বাইরে ছিটকে পড়ে। ঘটনাটি এলাকায় গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকালে গাজা শহরের একটি আবাসিক ভবনে হামলা চালানো হলে একই পরিবারের তিন সদস্য প্রাণ হারান।

একই সময়ে উপত্যকার বিভিন্ন এলাকায় আরও হামলার খবর পাওয়া গেছে। উত্তর, মধ্য ও দক্ষিণ গাজার গাজা শহর, খান ইউনিস এবং দেইর আল-বালাহসহ একাধিক এলাকায় বিমান ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শান্তি পরিকল্পনার পর সাধারণ মানুষের মধ্যে যুদ্ধবিরতি, চিকিৎসা সেবা, ত্রাণ সরবরাহ এবং নিরাপদ চলাচল নিশ্চিত হওয়ার আশা তৈরি হয়েছিল। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি; বরং হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ছে।

এদিকে বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিলেও সেসব এলাকাও হামলার বাইরে থাকছে না। অনেক পরিবার ফিরে এসে দেখছে, তাদের ঘরবাড়ি ও সহায়-সম্বল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ফলে নতুন করে জীবন শুরু করার কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে তাদের।

ক্রমাগত হামলা ও মানবিক সংকটের মধ্যে গাজায় নিরাপদ আশ্রয়ের সংকট আরও তীব্র হয়ে উঠেছে। স্থানীয়দের ভাষ্য, উপত্যকাজুড়ে এমন কোনো স্থান অবশিষ্ট নেই, যেখানে তারা নিজেদের নিরাপদ মনে করতে পারেন।