পুবের কলম ওয়েব ডেস্ক:রাজ্যে এই প্রথমবার সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে জনগণনা বা সেন্সাস ২০২৭-এর কাজ শুরু হল। গত শনিবার নবান্নে বসে নিজের সেলফ এনুমারেশন ফর্ম পূরণ করে এই প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ নাগরিকরা https://se.census.gov.in ওয়েবসাইটে গিয়ে অত্যন্ত সহজেই নিজেদের তথ্য জমা দিতে পারবেন। আগামী ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে এই ফর্ম পূরণ করা যাবে, যেখানে নাগরিকদের মোট ৩৩টি নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে হবে।

এই সেলফ এনুমারেশন ফর্মে পরিবার এবং বাসস্থানের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। পরিবারের প্রধানের পরিচয়, তাঁর লিঙ্গ, বৈবাহিক অবস্থা এবং তাঁরা তফসিলি জাতি, উপজাতি নাকি অন্য কোনও সম্প্রদায়ভুক্ত, তা ফর্মে উল্লেখ করা বাধ্যতামূলক। এর পাশাপাশি বাড়ির মালিকানা, ঘরের সংখ্যা, ছাদ ও মেঝের গঠন, বিদ্যুৎ, পরিস্রুত পানীয় জল এবং নিকাশি ব্যবস্থার মতো প্রয়োজনীয় বিষয়গুলিও জানাতে হবে। এছাড়া রান্নার গ্যাসের (এলপিজি বা পিএনজি) সংযোগ, বাড়িতে থাকা বিভিন্ন জিনিস যেমন টিভি, রেডিও, ল্যাপটপ, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন এবং যানবাহনের (সাইকেল, স্কুটার, বাইক) পুঙ্খানুপুঙ্খ বিবরণও দিতে হবে।

ওই নির্দিষ্ট পরিবার রেশন কার্ড বা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পায় কি না, ফর্মে থাকছে সেই প্রশ্নও।

অনলাইন ফর্ম পূরণের পর্ব শেষ হওয়ার পর আগামী ১৬ আগস্ট থেকে এক মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত তথ্যের সত্যতা যাচাই করার কাজ চলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই ডিজিটাল জনগণনার মাধ্যমে রাজ্য সরকারের কাছে প্রতিটি নাগরিকের একটি সুনির্দিষ্ট তথ্যভাণ্ডার তৈরি হবে। এর ফলে আগামী দিনে সাধারণ মানুষকে সরকারি সামাজিক প্রকল্পগুলির সুযোগসুবিধা পেতে আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হবে না। একইসঙ্গে, কোনও অনুপ্রবেশকারী যাতে বেআইনিভাবে রাজ্যের সরকারি প্রকল্পগুলির সুবিধা ভোগ করতে না পারে, এই নিশ্ছিদ্র তথ্যভাণ্ডার তা নিশ্চিত করতেও প্রশাসনকে সাহায্য করবে।