পুবের কলম ওয়েব ডেস্ক: চোখের চিকিৎসার জন্য আমেরিকায় যেতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু শীর্ষ আদালতে তাঁর সেই আবেদনে কোনও সুরাহা মিলল না। অভিষেকের বিদেশযাত্রার মামলায় হস্তক্ষেপ করতে সরাসরি অস্বীকার করল সুপ্রিম কোর্ট। উলটে পুরো বিষয়টি কলকাতা হাই কোর্টেই ফেরত পাঠানো হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ, আগামী এক সপ্তাহের মধ্যে শুনানি করে হাই কোর্টকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

এর ফলে তৃণমূল সাংসদের আমেরিকা যাওয়ার বিষয়টি আপাতত ঝুলেই রইল।

সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি ছিল। আদালতে অভিষেকের পক্ষে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী গোপাল শংকরনারায়ণ। কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটির বিস্তারিত শুনানিতে যেতে রাজি হয়নি। বেঞ্চের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, শীর্ষ আদালত কলকাতা হাই কোর্টকে অনুরোধ করছে যাতে তারা আগামী এক সপ্তাহের মধ্যে এই মামলাটির শুনানি করে দ্রুত নিষ্পত্তি করে।


উল্লেখ্য, নিজের চোখের চিকিৎসার কারণে গত ২৯ জুলাই আমেরিকা যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় আদালতের পূর্বানুমতি ছাড়া দেশ ছাড়ার ক্ষেত্রে আইনি বাধা রয়েছে। সেই অনুমতি পেতেই তিনি কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন। 

গত ২০ জুলাই হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সেই আর্জির শুনানিতে অভিষেকের বিদেশযাত্রা নিয়ে স্পষ্ট আপত্তি জানায়। আদালত প্রশ্ন তোলে, চোখের চিকিৎসার জন্য তাঁকে কেন বিদেশেই যেতে হবে, যেখানে কলকাতাতেই একাধিক উন্নত হাসপাতাল রয়েছে। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দেওয়া হবে বলেও বিচারপতি জানান। হাই কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক, যেখানে শীর্ষ আদালতের নির্দেশে মামলাটি ফের হাই কোর্টের এজলাসেই ফিরে এল।