পুবের কলম ওয়েব ডেস্ক: বীরভূমের নলহাটিতে রবিবার গভীর রাতে আচমকা গুলিবর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ ঢাকা অবস্থায় বাইকে আসা দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে জখম হয়েছেন তিন যুবক। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নলহাটি থানার অন্তর্গত হরিদাসপুর গ্রামে রাস্তার ধারে একটি বাঁশের মাচায় বসে গল্প করছিলেন বিকি শেখ, হাবিবুল শেখ এবং জনি শেখ নামে স্থানীয় তিন বাসিন্দা। অভিযোগ, ঠিক সেই সময়ে তিনটি বাইকে করে বেশ কয়েকজন দুষ্কৃতী সেখানে উপস্থিত হয়।

তাদের প্রত্যেকের মুখ কাপড়ে ঢাকা ছিল। কোনও কারণ ছাড়াই তারা ওই তিন জনকে লক্ষ্য করে পর পর ১১ রাউন্ড গুলি চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়।
গুলির আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তিন জনকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যান। তবে বিকি এবং জনির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁদের পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ ১০টি গুলির খোল এবং একটি তাজা কার্তুজ উদ্ধার করেছে। কারা কী উদ্দেশ্যে এই হামলা চালাল, তা জানতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।