পুবের কলম, ওয়েবডেস্ক: কেরলে টানা ভারি বৃষ্টিপাত ও বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। সোমবার রাজ্যের সার্বিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা করার পর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন এই তথ্যের কথা জানান। তিনি আরও জানান, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখনও পর্যন্ত অন্তত ৭ জন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, কোট্টায়াম জেলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।
সেখানে পুঞ্জার বিধানসভা কেন্দ্রেই দু'জনের মৃত্যু হয়েছে এবং জলে ডুবে একটি শিশুর মৃত্যুসহ মোট ৩ জন প্রাণ হারিয়েছেন।আরও পড়ুন:
প্রশাসন সূত্রে খবর, এছাড়া এরনাকুলামে ২ জন এবং ইডুক্কি ও মুভাত্তুপুঝায় ১ জন করে মারা গেছেন। কোল্লামে ২ জন, মালাপ্পুরমে ৪ জন এবং কান্নুর ও কোঝিকোড়ে ১ জন করে প্রাণ হারিয়েছেন। নিখোঁজ ৭ জনের মধ্যে কোল্লাম থেকে ২ জন, কান্নুর থেকে ২ জন এবং মালাপ্পুরম, ইডুক্কি ও মুভাত্তুপুঝা থেকে ১ জন করে রয়েছেন।
নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।আরও পড়ুন:
রাজ্য প্রশাসনের পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে মোট ৩১৬টি ত্রাণ শিবির চালু করা হয়েছে। ভারি বৃষ্টি ও বন্যার কারণে গৃহহীন হয়ে পড়া ১১,০১৮ জন মানুষকে এসব শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। বাস্তুচ্যুতদের খাদ্য ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পৌঁছে দিতে প্রশাসন তৎপর রয়েছে।