যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তাৎক্ষণিক কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে এসেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। কয়েক দিনের দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

সর্বশেষ লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৩৯ ডলারে পৌঁছেছে। এর আগের লেনদেনে ব্রেন্টের দাম প্রায় ৭ শতাংশ কমে তিন সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৬১ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৯৫ ডলারে উঠেছে। আগের সেশনে ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশের বেশি কমে এক সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল।